রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পীরগাছা উপজেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সহসভাপতি আল নাহিয়ান অভিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রংপুর মহানগরীর সরকারি বেগম রোকেয়া কলেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল নাহিয়ান পীরগাছা উপজেলার মহিষমুড়ী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ১৭টি লোহার রড, একই দৈর্ঘ্যের ১৩টি বাঁশের লাঠি এবং দুটি প্লাস্টিকের বোতলে পেট্রল জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড গতিশীল করা এবং নাশকতার পরিকল্পনায় তিনি জড়িত ছিলেন। এ ছাড়া ব্যক্তি ও রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের ষড়যন্ত্রে গোপন বৈঠক এবং টেলিগ্রাম ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অন্যদের সহিংস কর্মকাণ্ডে প্ররোচিত করার অভিযোগও রয়েছে। অভিযোগগুলো পুলিশের; এখন পর্যন্ত আদালতে তা প্রমাণিত হয়নি।
পুলিশ আরও জানায়, তিনি পীরগাছা থানায় ২০ নভেম্বর দায়ের করা ১৭ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর বিভিন্ন ধারায় করা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ৩ অক্টোবর পীরগাছা থানায় এবং একই বছরের ১৩ নভেম্বর রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা আছে। প্রথম মামলায় দাঙ্গা, অনধিকার প্রবেশ, অগ্নিসংযোগ, ভাঙচুর, চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় রয়েছে দাঙ্গা, মারধর, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।