বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমানে কারাবন্দী মেজর জেনারেল জিয়াউল আহসানের পৈতৃক বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর বৈদ্যপাড়ার আলহাজ নাসির উদ্দিন সড়কের তহুরা মঞ্জিলে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রবিউল আল আমিন জানান, বিকেল ৫টা ৫৮ মিনিটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আগুনের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিনতলা বাসার নিচতলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন। তবে তখন তাঁরা কোনো আগুন পাননি।
এই কর্মকর্তা জানান, কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন জেলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।