লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাতি নিভিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বুড়িমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ব্যাঙেরবাড়ি এলাকায় ৮৩২ নম্বর সীমান্ত পিলারের ২-এস উপপিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে মুঠোফোনে ৬১ বিজিবির (তিস্তা ব্যাটালিয়ন) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাতে বিএসএফের পুশ ইন চেষ্টার একটি ভিডিও পাওয়া গেছে এবং সেটি পাটগ্রামের বুড়িমারীর ব্যাঙেরবাড়ি সীমান্ত এলাকার।
বিজিবির তিস্তা ব্যাটালিয়ন জানিয়েছে, বিএসএফের এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে আছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক রয়েছেন।
ঠেলে পাঠানোর বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে কারিমুল ইসলাম বলেন, বিজিবির নজরদারি ও টহল দলের তৎপরতা অব্যাহত আছে। তাঁর ভাষ্য, বিএসএফ লালমনিরহাটের বিভিন্ন সীমান্তে পুশ ইনের চেষ্টা করে থাকে, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের চেষ্টা সব সময় প্রতিহত করা হয়েছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য জানানো হয়নি।