রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

খুলনায় ২২ দিনে গুলির ঘটনা ১৩টি, গুলিতে নিহত ছয়জন; ‘সন্ত্রাসে নিমজ্জিত’ খুলনা, বললেন সিটি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় প্রকাশ্যে গুলির ঘটনা বেড়েছে; চাঁদাবাজির প্রতিবাদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পুলিশ-প্রশাসনকে সাত দিনের সময় দিয়েছেন।

খুলনায় গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে অন্তত ১৩ বার গুলির ঘটনা ঘটেছে। এই সময়ে গুলিতে ছয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন স্থানে কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটছে। আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধে চলা অস্ত্রবাজি থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছেন না বলে স্থানীয়রা জানান।

গুলিতে ছয়জনের মৃত্যুর পাশাপাশি এই ২২ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে—দুটি ধারালো অস্ত্রের আঘাতে এবং একটি পিটিয়ে। সব মিলিয়ে নয়টি হত্যাকাণ্ডের পাঁচটি ঘটেছে খুলনা নগরে, তিনটি রূপসা উপজেলায় এবং একটি ডুমুরিয়ায়। একটি ঘটনায় চাঁদার দাবিতে একটি ক্লিনিকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি—মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ইট-বালুর ব্যবসায়ী এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। গতকাল বিকেলে রূপসার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা হয়।

জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত। খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে, তারা মাদকের বাজার বসিয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাঁকে হত্যা করছে।’ তাঁর দাবি, এ পর্যন্ত তাঁরা বিএনপির আট থেকে ১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে। সন্ত্রাসীদের তালিকা করে যৌথ অভিযান চালানোর দাবি জানিয়ে তিনি বলেন, এখনই শক্ত পদক্ষেপ না নিলে কারও জীবন রক্ষা সম্ভব হবে না।

এর মধ্যে চাঁদার দাবিতে ওষুধের দোকান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার একাধিক ঘটনা ঘটেছে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে গত মঙ্গলবার নগরের সাত রাস্তা মোড়ে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে মানববন্ধন হয়। সেখান থেকে পুলিশ-প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্য আসছে। তবু গুলি ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না। চাঁদাবাজি ও খুনোখুনি থামানো যাচ্ছে না কেন—এই প্রশ্নে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান কোনো মন্তব্য করতে চাননি।