শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

খুলনার ফারাজীপাড়ায় জেলা খাদ্য কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি নেই

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটনা ঘটে; এর আগে নগর ভবন, জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়েছিল।

খুলনা মহানগরীর ফারাজীপাড়ায় অবস্থিত জেলা খাদ্য কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও তা পরে নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খাদ্যগুদামের ভেতরে বিভিন্ন জায়গায় কাচের টুকরা ছড়িয়ে আছে। পেট্রলবোমার বোতল ভেঙে এসব টুকরা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কোনো ক্ষতির চিহ্ন দেখা যায়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় ডিসি ফুড অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর আগুন ধরলেও তা নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে খুলনা নগর ভবন, জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি।