নওগাঁর রাণীনগর উপজেলায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর গ্রামের জামাল সরদারের ছেলে ফেরদৌস সরদার শুক্রবার রাতে তাঁর ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি বাড়িতে রেখে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে উঠে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় কাশিমপুর সোনারপাড়া গ্রামের মজিবর রহমান ওরফে ডুবাকে (৪৩) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। এরপর তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ফেরদৌস সরদার থানায় মামলা করেন।
মজিবর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কাশিমপুর গ্রামের সাইদুল সোনার (৩২) এবং আতাইকুলা গ্রামের সাগর হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার করজগ্রাম এলাকায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।