শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে প্রবেশমূল্য এক লাফে ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হলেও বাড়েনি পর্যটকদের সুযোগ-সুবিধা। অবকাঠামোগত উন্নয়নও হয়নি। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পার্কের বিভিন্ন স্থাপনা নষ্ট হচ্ছে, ফলে অনেক দর্শনার্থী পার্কের ফটক থেকেই ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।
ভারতের মেঘালয় সীমান্ত-ঘেঁষা পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়ায় অবস্থিত এই পার্কের যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে, বন বিভাগের উদ্যোগে প্রায় ৩৮০ একর বনভূমি নিয়ে। ২০০৪ সালে প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন হয়। একসময় সীমানাপ্রাচীর, রেস্ট হাউস, ওয়াচ টাওয়ার, স্টার ব্রিজ, মিনি চিড়িয়াখানা, লেক, পিকনিক স্পট, শিশুপার্ক, পাহাড়ে ওঠার সিঁড়ি, ওয়াকওয়ে, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থাসহ নানা স্থাপনায় সমৃদ্ধ ছিল পার্কটি, যার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা আসতেন।
২০০৪ সালের পর পার্কের আধুনিকায়নে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ চোখে পড়েনি। ঝুলন্ত সেতু ও ক্যাবল কার নির্মাণের মতো পরিকল্পনার কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানা পুরোপুরি বিলীন হয়ে গেছে। অনেক স্থাপনার পলেস্তারা খসে পড়ছে, রং উঠে গেছে এবং কিছু স্থাপনা ব্যবহারের অনুপযোগী। পর্যাপ্ত সুপেয় পানি ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবেও চরম ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। প্রতিবছর এই পার্ক থেকে সরকার প্রায় কোটি টাকার রাজস্ব আয় করে বলে জানা যায়।
দর্শনার্থীদের অভিযোগ, প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি পরিবেশের কারণে পার্কের প্রতি মানুষের আগ্রহ আছে। কিন্তু অবকাঠামো, পরিচ্ছন্নতা ও বিনোদন সুবিধার অভাবে এর আকর্ষণ কমছে। তাঁদের মতে, প্রবেশমূল্য বাড়ানোর আগে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা উচিত ছিল। স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা দ্রুত পার্কের আধুনিকায়নের দাবি জানিয়েছেন।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম পার্কের বেহাল অবস্থার কথা স্বীকার করে বলেন, বিভিন্ন স্থাপনা সংস্কার ও উন্নয়নের জরুরি প্রয়োজন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১০ অক্টোবর পার্ক পরিদর্শন ও মতবিনিময় সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পার্কের আধুনিকায়নের আশ্বাস দিয়েছিলেন।