শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ভোলায় নতুন কূপ ‘নর্থ-৩’-এ গ্যাসের সন্ধান, দৈনিক ২০-২২ মিলিয়ন ঘনফুট উৎপাদনের সম্ভাবনা

বাপেক্সের খনন করা ভোলা নর্থ-৩ কূপে তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে; পরীক্ষা শেষে প্রকৃত উৎপাদন সক্ষমতা জানা যাবে।

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে দ্বীপজেলা ভোলায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। জেলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে ‘ভোলা নর্থ-৩’ নামের একটি নতুন কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

বাপেক্স সূত্রে জানা গেছে, চীনা প্রতিষ্ঠান সিনোপেকের মাধ্যমে খনন করা কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার। গত ৯ সেপ্টেম্বর খননকাজ শুরু হয়। খননের সময় তিনটি সম্ভাবনাময় স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। ১৪ নভেম্বর কূপটির পারফোরেশন সম্পন্ন হয়। গত রোববার সকাল ৮টা ২০ মিনিটে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়েছে, যার মাধ্যমে গ্যাসের প্রবাহ ও চাপ পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার আগে টেস্ট স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফলও সন্তোষজনক পাওয়া গেছে।

বাপেক্সের মহাব্যবস্থাপক ও উৎপাদন বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন বলেন, নতুন কূপের তিনটি স্তরে পর্যায়ক্রমে পরীক্ষা চালানো হবে এবং ফলাফল বিশ্লেষণের পর প্রকৃত উৎপাদন সক্ষমতা ও মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

১৯৯৫ সালে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের মধ্য দিয়ে ভোলায় গ্যাস অনুসন্ধান শুরু হয়। পরে বোরহানউদ্দিন ও সদর উপজেলায় আরও দুটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। নর্থ-৩ কূপ নিয়ে জেলায় মোট গ্যাসকূপের সংখ্যা এখন ১০টি। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আগের ৯টি কূপে অবশিষ্ট গ্যাসের মজুদ প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট এবং দৈনিক উৎপাদন সক্ষমতা ১৮২ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।

ভোলায় আরও পাঁচটি কূপ খননের কাজ চলছে। বাপেক্সের প্রত্যাশা, পরিকল্পনা অনুযায়ী এসব কূপে গ্যাস পাওয়া গেলে দৈনিক উৎপাদন সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বেড়ে ২৮২ মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে উঠবে, এতে কর্মসংস্থান ও জেলার অর্থনৈতিক উন্নয়নের সুযোগ তৈরি হবে।