সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভারত কি ‘পানিকে অস্ত্র’ বানিয়ে পাকিস্তানকে ইচ্ছাকৃতভাবে প্লাবিত করছে?

পাকিস্তানের অভিযোগ: বন্যার জন্য ভারত দায়ী; বিশেষজ্ঞদের মত— জলবায়ু পরিবর্তনই মূল কারণ, ইচ্ছাকৃত প্লাবনের প্রমাণ দুর্বল।

ভারত কি ‘পানিকে অস্ত্র’ বানিয়ে পাকিস্তানকে ইচ্ছাকৃতভাবে প্লাবিত করছে
ছবি: ভারত কি ‘পানিকে অস্ত্র’ বানিয়ে পাকিস্তানকে ইচ্ছাকৃতভাবে প্লাবিত করছে

পাকিস্তান দাবি করেছে, ভারতের হঠাৎ বাঁধ খুলে দেওয়া ও তথ্য না দেওয়ার কারণে দেশটির পাঞ্জাবসহ উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের নিজস্ব রাজ্যগুলোতেও একই সময়ে তীব্র বন্যা চলছে, ফলে ‘পানিকে অস্ত্র’ বানানোর অভিযোগ অতিরঞ্জিত, বরং জলবায়ু পরিবর্তন ও দুর্বল অবকাঠামোই মূল কারণ।

পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে চলতি মৌসুমের ভয়াবহ বর্ষণে প্লাবিত হয়েছে একের পর এক জেলা। শুধুমাত্র পাঞ্জাবে শত শত মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাকিস্তানের জাতীয় পর্যায়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮৮৪ ছাড়িয়েছে, এর মধ্যে ২২০ জনের বেশি পাঞ্জাবে।

অন্যদিকে সীমান্তের ওপারেও ভারতের পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে একইভাবে প্রবল বন্যা দেখা দিয়েছে, যেখানে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে।

তবুও পাকিস্তান সরকারের কিছু অংশ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সম্প্রতি দাবি করেন, ভারত কোনো সতর্কতা ছাড়াই রবি, শতদ্রু (সতলুজ) ও চেনাব নদীতে বাঁধ থেকে বিপুল পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। তার ভাষায়, “ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করেছে, যা জীবিকা, সম্পদ ও মানুষের জীবনের জন্য ভয়াবহ হুমকি।”

 

ভারত-পাকিস্তান ছয় দশক ধরে সিন্ধু জল চুক্তি (Indus Waters Treaty – IWT) এর অধীনে পানি ভাগাভাগি করছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কাশ্মীরের পাহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের উত্তেজনা চরমে ওঠে। ভারত পাকিস্তানকে দায়ী করে চুক্তি থেকে সরে দাঁড়ায়। এরপর থেকে পাকিস্তান আশঙ্কা প্রকাশ করে আসছে যে ভারত চাইলে পানির প্রবাহ আটকে দিতে পারে বা হঠাৎ ছেড়ে বন্যা সৃষ্টি করতে পারে।

তবে ভারতীয় হাইকমিশন গত দুই সপ্তাহে চার দফায় পাকিস্তানকে সতর্কবার্তা পাঠিয়েছে যে সীমান্তবর্তী নদীগুলোতে অস্বাভাবিক পানি প্রবাহ হতে পারে। যদিও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

 

পানিবিদরা বলছেন, পাকিস্তানের বন্যাকে এককভাবে ভারতের পানির নিঃসরণের দায়ে ফেলা “অতিরঞ্জিত”। কিংস কলেজ লন্ডনের অধ্যাপক দানিশ মুস্তফা বলেন, “ভারতের যেসব বাঁধ থেকে পানি ছাড়া হয়, সেগুলো আগে ভারতের পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে আছড়ে পড়ে। তাই পাকিস্তানকে প্লাবিত করতে হলে ভারতকেও আগে প্লাবিত হতে হয়।”

প্রাক্তন পাকিস্তানি কর্মকর্তা সিরাজ মেমন বলেন, “বর্ষণ ও হিমবাহ গলনের কারণে পুরো অঞ্চলের জলাধারগুলো পূর্ণ হয়ে গিয়েছিল। spillway খুলে পানি ছাড়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না।”

 

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন এই সংকটের প্রধান চালিকা শক্তি। দক্ষিণ এশিয়ার হিমালয়-কারাকোরাম অঞ্চলের হিমবাহ দ্রুত গলছে এবং বৃষ্টিপাতের ধরন পাল্টে যাচ্ছে। বিদ্যমান বাঁধগুলো শতবর্ষ আগে যে পরিমাপ ধরে তৈরি হয়েছিল, এখন তার চেয়ে বহুগুণ বেশি পানি নামছে। ফলে উভয় দেশেরই বাঁধ ও অবকাঠামো ঝুঁকির মুখে পড়ছে।

 

ভারত ও পাকিস্তান—দুই দেশই এবারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত। কিন্তু বিশেষজ্ঞদের মতে, একে অপরকে দোষারোপ করার বদলে দুই দেশের উচিত হালনাগাদ পানি-তথ্য বিনিময় ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়া। নাহলে প্রতিবছরই এই দুই প্রতিবেশী একই দুর্যোগে ডুবে থাকবে।