রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় বিক্ষোভ

শনিবার সন্ধ্যায় মতবিনিময় অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় আওয়ামী লীগ-সমর্থক একদল ব্যক্তির সঙ্গে এনসিপি-সমর্থকদের বাদানুবাদ হয়; নাহিদ নির্বিঘ্নে স্থান ত্যাগ করেন।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী-সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি বলে জানা গেছে।

এক সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি সেন্ট জনস কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে যান।

অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগ-সমর্থক একদল ব্যক্তির সামনে পড়েন নাহিদ। ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল। বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে তিনি ঘটনার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, এনসিপি-সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন নাহিদকে গাড়িতে তুলে দিচ্ছেন, আর গাড়ির সামনের দিকে আওয়ামী লীগ-সমর্থক কয়েকজনের সঙ্গে এনসিপি-সমর্থকদের আরেকটি অংশের বাদানুবাদ চলছে। এর মধ্যেই নাহিদকে বহনকারী গাড়ি স্থান ত্যাগ করে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে নানা স্লোগান দিয়েছে, কিন্তু এনসিপির অনেক লোক থাকায় তারা সুবিধা করতে পারেনি। তাঁর দাবি, যুক্তরাজ্যে এর আগে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার ঘটনারও সংগঠক একই ব্যক্তি, যিনি চিহ্নিত। তাঁর মতে, বাংলাদেশ সরকার চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে কিংবা তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে পারে। আওয়ামী লীগের পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।