শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ব্যবসায়ী তাহসিন হত্যা: অভিযোগপত্রে আটজন সরাসরি অংশগ্রহণকারী, তিনজন সহযোগী

চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন (২৭) হত্যা মামলায় পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।

চট্টগ্রামের চান্দগাঁওয়ে ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিন (২৭) হত্যা মামলায় আটজন সরাসরি অংশ নিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে পুলিশ। বাকি তিনজনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা আগে থেকে জানা, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সরবরাহ এবং হত্যাকাণ্ড বাস্তবায়নে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে অভিযুক্তদের একজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের নাম রয়েছে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, ব্যবসায়িক আধিপত্য ও পূর্ববিরোধের জেরে তাহসিনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার অদূরপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগপত্র অনুযায়ী, পূর্বপরিকল্পনা মোতাবেক অভিযুক্তরা একটি কালো নোয়া গাড়িতে করে সেখানে যান। গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র হাতে তাঁরা চায়ের দোকানে বসে থাকা তাহসিনের দিকে এগিয়ে যান এবং তাঁকে লক্ষ্য করে শটগানের গুলি ছোড়েন। হত্যার পর ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাঁরা পালিয়ে যান।

ঘটনার প্রায় দুই বছর পর গত ২৯ সেপ্টেম্বর চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। তদন্তে সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থলের আলামত, গাড়ির ভিডিও ফুটেজ, ময়নাতদন্ত ও ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ আছে।

পুলিশের ভাষ্য, সরাসরি অংশ নেওয়া আটজন সবাই শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী। অভিযুক্তদের মধ্যে ছোট সাজ্জাদ ও মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন বর্তমানে কারাগারে আছেন। তবে বড় সাজ্জাদ দাবি করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগপত্র আদালতে গৃহীত হলে মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে; অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি।