রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে ঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন: সংসদে বাণিজ্যমন্ত্রী

রোববার প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রপ্তানি-আমদানির হিসাব, ভারতের সঙ্গে বাণিজ্য ও বাজার স্থিতিশীল রাখার পদক্ষেপ নিয়ে সদস্যদের প্রশ্নের জবাব দেন।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের সঙ্গে ঘাটতি ৭ হাজার ৮৬০ মিলিয়ন ডলার। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে; এর বিপরীতে আমদানি ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ওই অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়। রপ্তানির ৮৪ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। মন্ত্রী আরও জানান, উন্নয়নশীল দেশে উত্তরণের পর বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকার বাজারসুবিধা হারালে ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাফটা ও আপটার সদস্য হিসেবে বাংলাদেশ ভারতের বাজারে তামাক ও মদজাতীয় ২৫টি পণ্য বাদে সব পণ্যে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশসুবিধা পাচ্ছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে; সবচেয়ে বেশি ঘাটতি ভারতের সঙ্গে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতে রপ্তানি হয়েছে ১ হাজার ৭৬৪ মিলিয়ন ডলারের পণ্য, আর আমদানি হয়েছে ৯ হাজার ৬২৪ মিলিয়ন ডলারের।

ঢাকা-১১ আসনের এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার। ওই বছর বাংলাদেশ ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি করেছে, আর ভারত থেকে আমদানি করেছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলারের। ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।

কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা ২০২৫ সালের তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম; আগের বছর রপ্তানি আদেশ ছিল ৩৯২ কোটি টাকার। কুষ্টিয়া-২ আসনের মো. আব্দুল গফুরের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে।

নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে সিরাজগঞ্জ-১ আসনের সেলিম রেজা ও চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ ও অসাধু ব্যবসায়ীদের অনিয়ম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে; চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। টিসিবির মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য দেওয়ার অনুমোদন আছে; বর্তমানে প্রায় ৭৮ লাখ পরিবার প্রতি মাসে নির্ধারিত পরিমাণ পণ্য পাচ্ছে। বাজারে সিন্ডিকেট ও কারসাজি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।