রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দুই বছরে অর্ধেকের নিচে নেমেছে পার্সিমনের দাম, চট্টগ্রামের ফলমন্ডিতে বিক্রি বাড়ছে

পাইকারিতে এখন কেজি ৪৫০ থেকে ৬৫০ টাকা; ব্যবসায়ীরা বলছেন, ভারতে ভালো ফলনে সরবরাহ বেড়েছে।

একসময় চড়া দামের কারণে যে ফলকে ‘ধনীদের ফল’ বলতেন ব্যবসায়ীরা, সেই পার্সিমনের দাম এবার আরও কমেছে। চট্টগ্রাম নগরের স্টেশন রোডের ফলমন্ডিতে এখন পার্সিমনের বেচাকেনা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় দাম কমার পাশাপাশি ফলটির পরিচিতিও বাড়ছে।

ফলমন্ডিতে এখন মানভেদে পাইকারিতে প্রতি কেজি পার্সিমন বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৬৫০ টাকায়, আর খুচরা বাজারে দাম ৬০০ থেকে ৮০০ টাকা। দুই বছর আগে খুচরায় প্রতি কেজির দাম ছিল ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। ২০২৪ সালে পাইকারি দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। ২০২৫ সালের ডিসেম্বরে পাইকারি দাম কমে দাঁড়ায় ৭২০ থেকে ৭৮০ টাকায়, খুচরায় তখন বিক্রি হচ্ছিল ৮৫০ থেকে ৯০০ টাকায়।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, দাম কমার পাশাপাশি পার্সিমনের পরিচিতি বাড়ছে। আগে অনেকেই ফলটি চিনতেন না, এখন ক্রেতারা কিনছেন; খুচরা বিক্রেতারাও বেশি পার্সিমন সংগ্রহ করছেন। তবে দেশে এখনো বড় পরিসরে ফলটি আমদানি হচ্ছে না; ভারত থেকে কনটেইনারে কিছু পার্সিমন আসছে।

ফলমন্ডির মেসার্স হাটহাজারী ফার্মের কর্ণধার মোহাম্মদ রাশেদ কয়েক বছর ধরে পার্সিমন বিক্রি করছেন। গত বছরের ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন গড়ে ৮০০ কেজি পার্সিমন বিক্রি করেন। এবার তিনি জানান, গত বছরের তুলনায় তাঁর প্রতিষ্ঠানের বিক্রি ১০ থেকে ১২ শতাংশ বেড়েছে; বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা আগের চেয়ে বেশি ফল কিনছেন। তাঁর হিসাবে, ফলমন্ডিতে এখন প্রায় ২০ জন ব্যবসায়ী পার্সিমন বিক্রি করছেন।

একই বাজারের মেসার্স আল্লার দয়া স্টোরের অন্যতম কর্ণধার শাহ আলমও জানান, এবার বেচাকেনা ভালো হচ্ছে। তাঁর মতে, ভারতে এবার ফলন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। বাজারে ২০ থেকে ৪০ দানার বিভিন্ন শ্রেণির ফল পাওয়া যাচ্ছে, আকার ও মান অনুযায়ী দামে পার্থক্য হয়। তাঁর প্রতিষ্ঠান সরাসরি আমদানি করে না, ঢাকার আমদানিকারকদের কাছ থেকে ফল সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রি করে।