দফায় দফায় জ্বালানি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। বৃহস্পতিবার বিকেলে উত্তর বাড্ডায় এ কর্মসূচিতে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে যোগ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না। সরকারকে বাজার সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না।
চলমান শ্রমিক আন্দোলনে কারা ভাঙচুর ও নাশকতার চেষ্টা করছে, তা খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা সরকারের উচিত ছিল বলে মন্তব্য করে তিনি বলেন, এর পরিণতি সরকারকে ভোগ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়।