শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

বাসাইলে ১০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশের অভিযোগ: দুদকের অভিযান, সাব-ঠিকাদার গ্রেপ্তার, প্রকৌশলী বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন সেতুর ফুটপাথের স্ল্যাবে রডের জায়গায় বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাথের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি দল সেতুটিতে অভিযান চালায়। দলের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক বিপ্লব হোসেন। অভিযানকালে ফুটপাথের স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে নির্মাণসামগ্রী পরীক্ষা করা হয়। বিপ্লব হোসেন বলেন, প্রাথমিকভাবে সেখানে অনিয়মের বিষয়টি মনে হয়েছে; প্রয়োজনীয় পরিমাণ রড থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। সরেজমিন প্রতিবেদন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেলে কমিশনকে বিস্তারিত জানানো হবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ঢালাইয়ে ব্যবহৃত বাঁশ সরেজমিনে পাওয়া যায়নি, তবে গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাটারিংয়ে বাঁশের ব্যবহার দেখা গেছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বাসাইল থানায় মামলা হয়। মামলার পর পুলিশ সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করে। ঘটনার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও বাসাইল উপজেলা প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এলজিইডির অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) আহাদি হোসেন কমিটির আহ্বায়ক। সদস্য হিসেবে আছেন বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলতাব হোসেন। এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীও সেতুটি পরিদর্শন করেছেন।

বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারেরা কর্মকর্তাদের না জানিয়ে রাতে ওয়াকওয়ে ও ফুটপাথের ঢালাই করেছেন।