রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

রূপপুরে পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম জ্বালানি, মোট চালান চারটি

সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় তিনটি বিশেষায়িত ট্রাকে চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

রাশিয়া থেকে আমদানি করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আরও এক চালান ইউরেনিয়াম জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছেছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় বিশেষায়িত তিনটি ট্রাকে শনিবার পারমাণবিক জ্বালানির চালানটি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এ নিয়ে মোট চারটি চালান প্রকল্প এলাকায় এল। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য দুটি চালান রয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি সাতটি কার্গো ফ্লাইটে আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রথম ইউনিটের জ্বালানি পুনঃসংযোজনের জন্য আরও ৪৮টি অ্যাসেম্বলি দুটি চালানে আনা হবে। পরিকল্পনা অনুযায়ী, দুই ইউনিটের জন্য মোট নয়টি চালানে জ্বালানি আসবে।

রূপপুরে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ইউনিট রয়েছে। প্রথম ইউনিট ইতিমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ পর্যায়ে প্রবেশ করেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নভেম্বরে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। তবে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শর্ত পূরণ এবং প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার ওপর এ কার্যক্রম নির্ভর করবে।