রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ থেকে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত; প্রতি পত্রের ফি ১৫০ টাকা

শুধু অনলাইনে আবেদন নেওয়া হবে; ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ রোববার (১ নভেম্বর) থেকে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের সময় চলবে ৭ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের নিয়ম জানিয়েছে।

গত শনিবার প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অনেকে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় পুনর্নিরীক্ষণের সুযোগ নিতে পারবেন। আবেদন করতে হবে কেবল অনলাইনে; ম্যানুয়ালি কোনো আবেদন নেওয়া হবে না।

নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে বোর্ড বেছে নিয়ে "সাবমিট" বোতামে ক্লিক করতে হবে। পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে, যে নম্বরে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে। এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় বেছে "ফি প্রদান করুন" বোতামে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ফি ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিবিএল রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়া যাবে। ফি পরিশোধের পর পোর্টালে ঢুকে "জমা দিন" বোতামে ক্লিক করতে হবে। পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে, তখন নতুন করে মোবাইল নম্বর দিতে হবে না।

ফি পরিশোধের আগে আবেদন বদলাতে চাইলে "মুছে ফেলুন" বোতামে ক্লিক করে ফি না দেওয়া বিষয়গুলো প্রত্যাহার করা এবং নতুন বিষয় বেছে নেওয়া যাবে। তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয় আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে সমন্বয় কমিটি।