রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গাড়িতে থাকা মালপত্র ও নথি পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানটির কর্মীদের ভাষ্য, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল ব্যক্তি এসে কাভার্ড ভ্যানে হামলা চালান। প্রথমে তাঁরা গাড়ি ভাঙচুর করেন, পরে পেট্রলবোমা ছুড়লে আগুন ধরে যায়।
প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (এজিএম) জয়ন্ত চৌধুরী বলেন, কাভার্ড ভ্যানে বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সাধারণ গ্রাহকদের পার্সেল ছিল, যা পুড়ে গেছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে ধারাবাহিকভাবে হামলা ও ভাঙচুর হচ্ছে এবং তাঁরা নিরাপত্তা চান। মোহাম্মদপুর থানার ওসি আবদুল হালিম জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগেও এই প্রতিষ্ঠানের কার্যালয় ও গাড়িতে একাধিক হামলা হয়েছে। ২০ অক্টোবর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজসংলগ্ন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়; প্রতিষ্ঠানটির অভিযোগ, কয়েকটি ল্যাপটপ ও ৩১ লাখ টাকার পণ্য লুট হয়েছে। এ ঘটনার মামলায় ১১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নিজেদের এক শীর্ষ সন্ত্রাসীর লোক পরিচয় দিয়ে জমির ভাড়া তাঁকে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন।
এরপর ২৫ অক্টোবর ভোরে হাজারীবাগের গুদামে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয় এবং একই দিন এক কর্মীকে মারধর করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ৩১ অক্টোবর রাতে রাজধানীর তিন এলাকায় প্রতিষ্ঠানটির গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়; মৎস্য ভবন এলাকায় এক চালক গুরুতর আহত হন। গত মঙ্গলবার রাতে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড়ে পল্লবী কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণে এক কর্মী আহত হন।