সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বজনেরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকালের মধ্যে তাঁদের তুলে নেওয়া হয়েছে এবং মুক্তির বিনিময়ে জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
অপহরণের ঘটনাগুলো ঘটেছে নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকায়। অভিযোগ রয়েছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের দুজনের নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে এসব জেলেকে তুলে নেওয়া হয়েছে। অপহৃতদের মধ্যে শ্যামনগর উপজেলার সাতজন এবং খুলনার কয়রা উপজেলার তিনজন রয়েছেন।
অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে ছিলেন; সেখান থেকে একজন করে জেলেকে তুলে নেওয়া হয়। নয়জনের মুক্তির জন্য জনপ্রতি এক লাখ টাকা চেয়েছে অপহরণকারীরা। নৌকা নিয়ে বনের ভেতরে একা থাকা আরেক জেলের মুক্তিপণ তুলনামূলক কম চাওয়া হলেও নির্দিষ্ট অঙ্ক জানা যায়নি বলে স্বজনেরা জানিয়েছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম বলেন, জেলেদের মাধ্যমে অপহরণের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। উদ্ধারে বন বিভাগের টহল দল সুন্দরবনের ভেতরে অভিযান চালাচ্ছে। তবে বিশাল বনাঞ্চলে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানো বন বিভাগের একার পক্ষে কঠিন বলেও তিনি উল্লেখ করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, জলদস্যুদের হাতে জিম্মি হলে সাধারণত জেলেদের পরিবার গোপনে সমঝোতা করে। ফলে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেরা অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে চান না। তবে মুক্তিপণ আদায়ে ব্যবহৃত মোবাইল নম্বরের মালিককে শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।