শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

‘আগুন-সন্ত্রাস, মানুষ হত্যায় নিজেরাই নিজেদের ক্ষতি করছি’: ঢাকা কলেজের পুনর্মিলনীতে রাষ্ট্রপতি

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনীতে রাষ্ট্রপতি শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন।

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। তাঁর ভাষায়, আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। ‘মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়’—বলেন তিনি। সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বানও জানান রাষ্ট্রপতি।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা এমনভাবে সাজাতে হবে, যাতে তা দেশ, মানুষ ও শিক্ষার্থীদের নিজেদের জীবনে কাজে লাগে। ডিজিটাল প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের অনেক কিছু বদলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা সাজাতে হবে এবং এআইকে কতটা ভালোভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে হবে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, তিনি ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়েছেন। তখন কলেজে ছাত্ররাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও গোপনে শহীদ মিনারে ফুল দেওয়া ও সংগঠন করার চেষ্টা হয়েছে। ভাষা আন্দোলন থেকে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও তাঁরা সব জায়গায় নেতৃত্ব দেবেন।

কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে একে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানান। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের দায়িত্ব শুধু পাঠদান নয়; শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও তাঁদের ভূমিকা আছে।

রাষ্ট্রপতি আরও বলেন, যাঁরা ফ্যাসিবাদকে বিদায় করেছেন, তাঁদের বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীরা যে আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তন এনেছেন, তার বাস্তব প্রতিফলন দেখতে চান বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনেরা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু।