বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ফেনীর দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার: যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁস, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার ওসির

ছড়িয়ে পড়া ৬ মিনিটের অডিওতে ওসিকে রাতে বাসায় আসতে বলতে শোনা যায়; প্রাথমিক তদন্তের পর তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিনের একটি ফোনালাপের অডিও ফাঁস হওয়ার পর ওসিকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার বিকেলে তাঁকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তের পর ওসিকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি থেকে ৬ মিনিট ৮ সেকেন্ডের অডিওটি ছড়িয়ে পড়ে। তাতে ওসিকে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তাঁর বাসায় আসতে বলতে শোনা যায়। ওসি বলেন, “ওসি ঠিক তো সব ঠিক।” অডিওতে ওই নারী নিজের বিরুদ্ধে হওয়া মামলা, কারাবাস এবং জামিনে দুই লাখ টাকা খরচের কথাও তোলেন।

পুলিশের একটি সূত্র জানায়, ১০ নভেম্বর রাতে বাসা থেকে তাসকিরা তানিনকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পর অডিওটি ছড়িয়ে পড়ে।

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওই নারী দাবি করেন, গ্রেপ্তারের পর থানাহাজতে ওসি তাঁর শ্লীলতাহানি করেছেন। ওসি ফয়জুল আজিম নোমান এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে ফোনালাপের বিষয়টি স্বীকার করে তিনি বলেছেন, আসামি গ্রেপ্তারে তিনি ভিন্ন কৌশল নিয়েছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

এ অভিযোগগুলোর বিষয়ে তদন্তের ফল এখনো প্রকাশ করা হয়নি।