ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ও শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ ৯ দফা দাবিতে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে দুই শ্রমিক আহত হন। মঙ্গলবার সকালে জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। পরে শারমিন গ্রুপের একটি ফ্লোর, এনভয়, স্টারলিং ক্রিয়েশন, স্টারলিং স্টাইলস, দি রোজ ও নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এরপর কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।
ছুটির পর শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশের অন্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে তাঁরা জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নেন। পুলিশ কারখানায় ফিরে যাওয়ার অনুরোধ করলে শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়েন বলে জানা গেছে। জবাবে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষে স্টারলিং স্টাইলসের শ্রমিক আলমগীর হোসেন ও রাজিয়া বেগম আহত হন।
চলমান শ্রমিক অসন্তোষের কারণে নিউএইজ গ্রুপের আশুলিয়ার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত জামগড়া, নরসিংহপুর, ইউনিক, জিরাবো, জিরাবো পুকুরপাড় ও কাঠগড়াসহ বিভিন্ন এলাকার অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।