সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাবতলীতে কলেজের নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার স্ক্রিনিং, অংশ নিলেন ৩০ চিকিৎসক

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সৈয়দ আহম্মদ কলেজে দিনব্যাপী সচেতনতা কর্মসূচি।

বগুড়ার গাবতলী উপজেলায় নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচিটি হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মসূচিতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জন চিকিৎসক অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং, সচেতনতামূলক প্রচারণা, ভিডিও প্রদর্শনী এবং রোগটির লক্ষণ, ঝুঁকির কারণ, শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে আলোচনা।

কর্মসূচির শুরুতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. জুবাইদা রহমানের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন শরীফ সুলতান মাহবুব স্তন ক্যানসারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের গুরুত্ব নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন। শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আ ন ম মনোয়ারুল কাদির বলেন, গ্রামীণ এলাকার নারী, তরুণী ও ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতার অভাব রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগও সীমিত। তাই স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বলে তিনি উল্লেখ করেন এবং নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানসহ অন্যরা।