বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে বিএনপি ও তার তিন অঙ্গসংগঠনকে নিজ নিজ কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এসব কর্মসূচি কারও পাল্টা কর্মসূচি হবে না বলে বৈঠকের সূত্রে জানা গেছে।
রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রায় দুই ঘণ্টার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবেরা উপস্থিত ছিলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, কারও পাল্টা কর্মসূচি বা সতর্ক পাহারা নয়, বরং রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করবে। এ ছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনকেও পৃথক কর্মসূচি দিয়ে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিরোধের চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচিও নেওয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’ দীর্ঘ বিরোধী রাজনীতির পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায় বলে বৈঠক সূত্রের ভাষ্য।