কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন রোহিঙ্গা নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, চলাচলরত দুটি সিএনজির মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে উভয় যানবাহনে থাকা যাত্রী ও চালকদের মধ্যে মোট নয়জন আহত হন।
খবর পেয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান। নিহত মোহাম্মদ হাশিমের এফসিএন নম্বর ১০৩৬৪১। তিনি ক্যাম্প-১৭-এর এইচ/৭৫ ব্লকের বাসিন্দা এবং তার বাবার নাম নুর আলম।
এপিবিএন পুলিশের বরাতে জানা গেছে, এ ঘটনায় আহত অন্যদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।