মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, ৩৬ জন ছিলেন ত্রিপলীর বন্দিশিবিরে; বুধবার আসছেন আরও ১৭৫ জন

দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উদ্যোগে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান ১৭৪ জন; তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন বন্দিশিবিরে ছিলেন। আজ মঙ্গলবার সকাল সাতটার পর লিবিয়ার বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে মানবিক সহায়তায় এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ। ফেরত আসাদের ৩৬ জনকে সাগর থেকে আটক করার পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ সকালে ১৭৪ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তাঁদের গ্রহণ করতে বিমানবন্দরে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার কারণে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েন, যার বিরূপ প্রভাব তাঁদের পরিবার ও সমাজের ওপরও পড়ে। রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান।

দূতাবাস আরও জানিয়েছে, আগামীকাল বুধবার লিবিয়ার মিসরাতা শহর থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। তাঁরাও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী এবং একই মানবিক সহায়তার আওতায় তাঁদের প্রত্যাবাসন করা হবে।