খাবারের জন্য সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল যুবক। পুলিশ জানিয়েছে, তাঁরা মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী।
শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালীর আমতলী এলাকায় তিতুমীর কলেজের কাছে সড়কের উল্টো দিকের রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে। এ সময় রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ওই যুবকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দেশি নানা পদের খাবারের জন্য রেস্তোরাঁটি বেশ জনপ্রিয়। সকাল থেকেই সেখানে ভিড় থাকে এবং বসার জায়গা পেতে সিরিয়াল দিতে হয়, যাতে অনেক সময় লাগে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সিরিয়ালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়েছে।
রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, প্রথমে একটি ছেলে এসে একটি চেয়ার খালি হওয়ার পর সেখানে বসে পড়েন, অথচ ওই জায়গার জন্য একটি পরিবার আগে থেকেই সিরিয়ালে ছিল। তাঁর ভাষ্য, কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে নিয়ে এসে প্রথমে বাইরে রেস্তোরাঁর কর্মী খলিলকে মারধর করেন, এরপর শুরু হয় ভাঙচুর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল যুবক হঠাৎ রেস্তোরাঁর ভেতরে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব তুলে ব্যাপক ভাঙচুর চালাচ্ছেন। পুলিশ সূত্র জানায়, বসা নিয়ে ওই তরুণের সঙ্গে কর্মীদের বাগ্বিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে ব্যবস্থাপককে লাঞ্ছিত করা হয়।
ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে; ফুটেজ আছে এবং হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।