পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের ৮৮টি পদ শূন্য রয়েছে। জনবলের অভাবে ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট, পরিচ্ছন্নতা ও ওষুধ সরবরাহের ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে ৫ অক্টোবর তৈরি করা জনবলের তালিকা অনুযায়ী, হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মচারী মিলিয়ে মোট পদ ২০৮টি। এর মধ্যে ৮৮টি খালি। আবাসিক মেডিকেল অফিসার, সার্জারি, মেডিসিন, গাইনি ও প্রসূতি, অ্যানেসথেসিয়া, শিশু, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, নাক-কান-গলা, চর্ম ও যৌন এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগে চিকিৎসক সংকট রয়েছে। মেডিকেল অফিসার ও সহকারী সার্জনের ২১টি পদও খালি। ডেন্টাল সার্জন ও প্যাথলজিস্টের পদেও কেউ নেই।
স্বাস্থ্যকর্মীদের মধ্যে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ১০টি, স্বাস্থ্য সহকারীর ৯টি এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকের ছয়টি পদ শূন্য। এর পাশাপাশি অফিস সহায়কের চারটি, ওয়ার্ড বয়ের তিনটি, আয়ার দুটি ও পরিচ্ছন্নতাকর্মীর চারটি পদসহ বিভিন্ন সহায়ক পদও খালি পড়ে আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ মো. শাহেদুর রাফি বলেন, চিকিৎসক সংকটের কারণে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ৩২ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ছয়জন, যাঁদের একজন আবাসিক মেডিকেল অফিসার। সীমিত জনবল নিয়েই যথাসম্ভব ভালো সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, শূন্য পদের তালিকা পঞ্চগড়ের সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়েও অনুলিপি দেওয়া হয়েছে। স্থানীয়রা দ্রুত শূন্য পদ পূরণ করে সেবার মান বাড়ানোর দাবি জানিয়েছেন।