মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ভোলায় নতুন কূপেও গ্যাসের ভালো চাপ, দিনে অন্তত ২ কোটি ২০ লাখ ঘনফুট সরবরাহের সম্ভাবনা

ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপে প্রথম পরীক্ষায় সন্তোষজনক ফল পাওয়া গেছে; তবে ভোলায় চাহিদা কম ও জাতীয় পাইপলাইনে সংযোগ না থাকায় সরবরাহ কবে শুরু হবে, তা অনিশ্চিত।

দক্ষিণের দ্বীপজেলা ভোলায় খনন করা নতুন কূপেও গ্যাসের ভালো চাপ পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) তথ্য অনুযায়ী, এ কূপ থেকে দিনে অন্তত ২ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। কর্মকর্তারা মনে করছেন, যে চাপে গ্যাস বেরোচ্ছে, তাতে দিনে তিন কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলার সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্সের সূত্র জানায়, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে তিন নম্বর কূপ খননের কাজ চলছে। ঠিকাদার হিসেবে কাজ করছে চীনের একটি প্রতিষ্ঠান। গত ৯ সেপ্টেম্বর খনন শুরু হয়ে ৩ হাজার ৫২৬ মিটার গভীরতায় কাজ শেষ হয়েছে। রোববার সকালে প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়, যার মাধ্যমে গ্যাসের স্তর, চাপ ও প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর ভিত্তিতেই নির্ধারণ করা হয়, দিনে কতটা উৎপাদন সম্ভব।

বাপেক্সের কর্মকর্তারা জানান, কূপ খননের পাশাপাশি গ্যাস প্রক্রিয়াজাত করে সরবরাহের জন্য প্রসেস প্ল্যান্টও তৈরি হচ্ছে। ভোলা নর্থ ও ইলিশার তিনটি কূপ থেকে সরবরাহের জন্য ছয় কোটি ঘনফুট সক্ষমতার একটি প্ল্যান্টের কাজ চলছে। একই এলাকায় একই সক্ষমতার আরেকটি প্ল্যান্ট করার মতো জমি অধিগ্রহণ করা আছে; গ্যাসের চাহিদা বাড়ার সম্ভাবনা বুঝে সেই কাজ শুরু হবে।

গ্যাস খাতসংশ্লিষ্টরা বলছেন, এ কূপ মূলত একটি উন্নয়ন কূপ। গ্যাসের মজুতের তথ্য জেনেই উৎপাদন বাড়াতে এ ধরনের কূপ খনন করা হয়। তবে চাইলেই এখন গ্যাস উৎপাদন বা সরবরাহ করা যাবে না; কারণ ভোলায় গ্যাসের তেমন চাহিদা নেই এবং ভোলা থেকে গ্যাস জাতীয় পাইপলাইনে দেওয়ার সুযোগও নেই।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর দেশীয় গ্যাসের উৎপাদন কমছে এবং চড়া দামে এলএনজি আমদানি করেও চাহিদা মেটানো যাচ্ছে না। চাহিদামতো গ্যাস না পাওয়ায় শিল্পকারখানা সমস্যায় আছে এবং নতুন বিনিয়োগও আটকে আছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৯৯৫ সালে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স; সেখান থেকে ২০০৯ সালে উৎপাদন শুরু হয়। ২০১৮ সালে ভোলা নর্থ এবং ২০২৩ সালে ইলিশা গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। এ দুটি ক্ষেত্র থেকে এখনো উৎপাদন শুরু হয়নি। জ্বালানি বিভাগের সূত্র বলছে, ভোলার তিন গ্যাসক্ষেত্র মিলিয়ে ১ লাখ ৮৫ হাজার কোটি ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে বলে পেট্রোবাংলার ধারণা।