কক্সবাজারের টেকনাফে আহত একটি বন্যহাতির শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন শনাক্ত করেছেন চিকিৎসকেরা। এর মধ্যে দুটি ক্ষত রয়েছে পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে। বুধবার দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের আওতাধীন গভীর বনাঞ্চলে হাতিটির অবস্থান শনাক্তের পর বন বিভাগের উদ্যোগে সেটির চিকিৎসা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে আহত হাতিটির সন্ধানে বনাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছিল। বুধবার সকাল থেকে বন বিভাগের সদস্য ও চিকিৎসক দল আবারও অনুসন্ধান শুরু করেন। পরে শীলখালীর গভীর বনে হাতিটির অবস্থান শনাক্ত হয়। এরপর ট্রানকুইলাইজার গান প্রয়োগ করে সেটিকে নিয়ন্ত্রণে এনে চিকিৎসা শুরু হয়।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম জানান, হাতিটির অবস্থান শনাক্তের পর ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের একটি চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেয়। চিকিৎসার সময়ই শরীরে গুলির আটটি ক্ষতচিহ্ন পাওয়া যায়। তিনি আরও জানান, হাতিটির চিকিৎসায় বন বিভাগ ও চিকিৎসক দলের সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন।
এর আগে বাহারছড়ার জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তখন একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন নজরে আসে। বিষয়টি বন বিভাগকে জানানোর পর আহত হাতিটির সন্ধানে বনের ভেতরে তল্লাশি শুরু হয়।
হাতিটির শরীরে গুলির এতগুলো ক্ষত পাওয়ায় বন্যপ্রাণীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কীভাবে হাতিটি গুলিবিদ্ধ হলো, কারা এর সঙ্গে জড়িত এবং বন্যপ্রাণীর আবাসস্থলে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।