বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

২০৩০ সালের মধ্যে পাইপলাইনে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য, এলএনজি টার্মিনালের সম্ভাব্যতা যাচাই শুরু: প্রতিমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জ্বালানির অভাবে অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্র চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে দীর্ঘদিন শিল্পায়নে পিছিয়ে থাকা খুলনা অঞ্চলের জন্য বড় পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।

তিনি বলেন, একসময় খুলনা অঞ্চলের পাটকল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু প্রতিযোগিতায় টিকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা আছে এবং যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল হচ্ছে; কিন্তু গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে এসব উদ্যোগ কার্যকর হবে না বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আরও দুটি কেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে আছে। এগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।