বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যার নাম ‘আকভান’। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি গতকাল সোমবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি কার্যত একই এলাকায় স্থির ছিল। আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, দমকা বা ঝোড়ো হাওয়ায় তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে এবং ওডিশা উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, আজ আকাশে যে মেঘ দেখা যাচ্ছে, তা মূলত ঘূর্ণিঝড় আকভানের কারণে। বঙ্গোপসাগর ছাড়াও বাংলাদেশ এবং ভারতের অন্ধ্র প্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের এমন বলয় রয়েছে। তাঁর ভাষ্য, মেঘের এই বলয়ে দূষণের উপাদান আটকে পড়ায় ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিতেও প্রভাব পড়ছে এবং চারপাশ ঘোলাটে দেখাচ্ছে।
আজ মঙ্গলবার বিভিন্ন সূচকে বিশ্বে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট মেঘলা আকাশ থেকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদেরা।