সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় আলোচনার প্রথম দিন শেষ হয়েছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীদের বার্তায় লক্ষণীয় পরিবর্তন দেখছেন তিনি। গত ফেব্রুয়ারির পর এটিই তিন পক্ষের প্রথম বৈঠক।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে নর্ডিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, "আমি পরিবর্তন দেখছি। যা শুনছি, তাতে আমি খুবই খুশি।"
তিনি জানান, আবুধাবিতে জড়ো হওয়া আলোচকেরা একই সঙ্গে বড় পরিসরে যুদ্ধবন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছেন এবং এ লক্ষ্যে মার্কিন কর্মকর্তারা রাশিয়া সফরে যাবেন। জেলেনস্কির ভাষায়, "আমি এক হাজারের বদলে এক হাজার, সম্ভব হলে দেড় হাজারের বদলে দেড় হাজার চাই।"
প্রথম দিনের আলোচনাকে গঠনমূলক বললেও জেলেনস্কি জানান, ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো নিয়েও কথা উঠেছে। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ধারণাটি তোলেন। জেলেনস্কি একে "খুবই কঠিন" বিষয় বলে সতর্ক থাকার আহ্বান জানান এবং মনে করিয়ে দেন, ২০২১ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম এ প্রস্তাব দিয়েছিলেন।
জেলেনস্কি অগ্রাধিকারের একটি নির্দিষ্ট ক্রম তুলে ধরেন: প্রথমে ইউক্রেনে যুদ্ধ বন্ধ, দ্বিতীয়ত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা, এরপর ইউরোপ ও বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনা। অন্যদিকে লাভরভ বলেছেন, পরবর্তী পদক্ষেপ না জেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি মানবে না মস্কো; বরং আগে ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর রূপরেখায় একমত হওয়া উচিত।