শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে সিটি করপোরেশনে চাকরির নিয়োগপত্র

১৯ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক।

বগুড়ায় সন্ত্রাসী হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। বৃহস্পতিবার নগর ভবনে সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

ইয়াসমিন খাতুন বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। ১৯ নভেম্বর রাতে সন্ত্রাসী হামলায় তাঁর সন্তান স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি চরম শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারটির আর্থিক সহায়তা ও মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সিটি করপোরেশন এ উদ্যোগ নিয়েছে।

নিয়োগপত্র হস্তান্তরের সময় প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাঁদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি করপোরেশন থাকবে।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।