সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রথমবারের মতো সব ইউএনওকে ৫ লাখ টাকা করে বিশেষ অনুদান, বার্ষিক ব্যয় ২৫ কোটি টাকার বেশি

দুর্যোগ, চিকিৎসা, শিক্ষা ও ক্ষুদ্র অবকাঠামো সংস্কারে ব্যয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছেন অর্থমন্ত্রী।

প্রথমবারের মতো দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বার্ষিক পাঁচ লাখ টাকা করে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অর্থ দুর্যোগ, অগ্নিকাণ্ড ও আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, অতিদরিদ্র রোগী, মেধাবী শিক্ষার্থী, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ব্যয় করতে পারবেন ইউএনওরা। ছোট ধর্মীয় প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও গ্রন্থাগারের জরুরি সংস্কারেও অর্থ ব্যয়ের সুযোগ থাকছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এত দিন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কার্যালয় বিশেষ অনুদানের আওতায় অসহায় মানুষকে সহায়তা দিয়ে এলেও উপজেলা পর্যায়ে ইউএনওদের জন্য এ ধরনের বরাদ্দ ছিল না। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবটি অনুমোদন করেছেন। গত বৃহস্পতিবার অর্থসচিব ও অর্থমন্ত্রীর অনুমোদনের পর অর্থ বিভাগ সিদ্ধান্তটি জানায়।

অর্থ বিভাগের হিসাবে দেশে বর্তমানে উপজেলা ৫০১টি। প্রতিটি ইউএনও কার্যালয়ের জন্য পাঁচ লাখ টাকা করে ধরলে বার্ষিক মোট ব্যয় দাঁড়াবে ২৫ কোটি ৫ লাখ টাকা। সূত্র জানায়, গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা অর্থমন্ত্রীর জন্য একটি সারসংক্ষেপ পাঠায়। তাতে সব ইউএনও কার্যালয়ে ‘স্বেচ্ছাধীন তহবিল’ নামে একটি অর্থনৈতিক কোড খুলে প্রতি বছর পাঁচ লাখ টাকা বরাদ্দের অনুমতি চাওয়া হয়। উদ্যোগের ভিত্তি জেলা প্রশাসক সম্মেলন ২০২৪-এর একটি সিদ্ধান্ত, যা মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন করেছিল। পরে ২০২৪ সালের ১২ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগকে চিঠি দেয়।

প্রস্তাবে ‘৩৬৩১১০৭ বিশেষ অনুদান’ খাত ব্যবহারের কথা বলা হয়েছে। এই খাত থেকে আগে থেকেই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় অসহায় ও দুস্থ মানুষকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। ২০২৬-২৭ অর্থবছরে বিভাগীয় কমিশনারদের জন্য এ খাতে বরাদ্দ প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা এবং জেলা প্রশাসকদের জন্য প্রায় ১৩ কোটি ৩১ লাখ টাকা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবনা অনুযায়ী পাঁচ লাখ টাকা ব্যয় হবে পাঁচটি খাতে: দুর্যোগ ও দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তায় দুই লাখ টাকা; দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষার ফি, বইপত্র ও যাতায়াত ব্যয়ে এক লাখ টাকা; ক্যানসার, কিডনিসহ জটিল রোগে আক্রান্ত অতিদরিদ্র রোগীদের চিকিৎসায় এক লাখ টাকা; বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্র ব্যবসা বা আয়বর্ধক কাজে ৫০ হাজার টাকা (জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত); এবং মসজিদ, মন্দির, স্থানীয় ক্লাব ও গ্রন্থাগারের জরুরি মেরামতে ৫০ হাজার টাকা (জানুয়ারি থেকে জুন পর্যন্ত)।

নতুন ব্যবস্থায় উপজেলা পর্যায়ে জরুরি প্রয়োজনে সহায়তা পৌঁছানো সহজ হবে বলে মনে করা হচ্ছে।