ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের অন্তত ২৫ যুবকের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি আদম ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে। ভ্রমণ ভিসায় কম্বোডিয়ায় নিয়ে যাওয়ার পর তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের সঞ্জরপুর ও লালারচক গ্রামের কাওছার ও জুনেদ নামের দুই ব্যক্তি গত কয়েক বছর ধরে ইউরোপ ও অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে এলাকার যুবকদের কাছ থেকে জনপ্রতি পাঁচ লাখ টাকা করে নেন। পরে তাঁদের ভ্রমণ ভিসায় কম্বোডিয়ায় পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। ভিসার মেয়াদ শেষ হলে অনেকেই অবৈধ অভিবাসী হয়ে পড়েন। অনাহার-অর্ধাহার ও নানা দুর্ভোগের পর কেউ কেউ দেশে ফিরেছেন, কেউ কেউ হারিয়েছেন সর্বস্ব।
গত ৪ নভেম্বর নির্যাতন ও মানসিক যন্ত্রণায় অসুস্থ হয়ে কম্বোডিয়ায় মারা যান লালারচক গ্রামের নাঈম (২৭)। তাঁর ছোট ভাই রেদওয়ান জানান, ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সঞ্জরপুর গ্রামের ভুক্তভোগী বিলাল বলেন, অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্নে কম্বোডিয়ায় গিয়ে তিনি সর্বস্ব হারিয়েছেন। জমি বিক্রি করে দেশে ফিরলেও এখন তাঁকে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে।
অভিযুক্ত দুই ব্যক্তির বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। এটি অভিযোগ; কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি।