চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ না রেখে সারা দেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, চট্টগ্রামের উন্নয়ন মানে সমগ্র দেশের উন্নয়ন।
অর্থমন্ত্রী আরও জানান, মহেশখালীসহ দেশের কয়েকটি স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক জ্বালানি হাব প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে। বিমানবন্দরসহ অবকাঠামো ও লজিস্টিকস খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন রয়েছে। এডিবির কাঠামো চুক্তির আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রকল্পে সারা দেশে প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, তার সিংহভাগ চট্টগ্রামকে ঘিরে বাস্তবায়িত হবে বলে জানান তিনি।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপ নেবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস হলেও চট্টগ্রামকে নিরাপদ রাখা হবে। ব্যবসাবান্ধব নগরী গড়তে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়নকাজ করা হয়েছে এবং নগরীকে পর্যটনবান্ধব করতে সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।