ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে এবার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ব্যালট আগের তুলনায় দীর্ঘ হওয়ায় ভোটদানে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রার্থী সংখ্যা ও পদ
সূত্র মতে, ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হল সংসদে প্রতিটি ১৩টি পদে নির্বাচন হবে, যেখানে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে একজন ভোটারকে এবারে ৪১টি ভোট দিতে হবে।
ভোটের ধরন
ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। আর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ পাবেন।
ভোটের সময়সূচি
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট দেওয়ার নিয়ম
চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রকাশিত সচেতনতামূলক ভিডিওতে ভোট দেওয়ার নিয়ম তুলে ধরা হয়েছে।
প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন।
অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড দেখাতে পারবেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেওয়া হবে এবং ভোটার তালিকায় স্বাক্ষর করতে হবে। এরপর পোলিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট সংগ্রহ করে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে।
ব্যালট চিহ্নিতকরণে সতর্কতা
ভোটারকে পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন (X) দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, চিহ্ন যেন ঘরের বাইরে না যায়। ভুল করলে ব্যালট বাতিল হয়ে যাবে।
ভোটদান শেষে ভোটারকে ব্যালট বাক্সে ব্যালট জমা দিতে হবে। ডাকসু ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বাক্স।
ব্যালট ভাঁজে নিষেধাজ্ঞা
ব্যালট পেপার ভাঁজ করা যাবে না। ভোটারকে নির্ধারিত বাক্সে সরাসরি ব্যালট ফেলতে হবে।