শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঘায় উদ্যোক্তা ফোরামের আত্মপ্রকাশ: আম-গুড়ের মতো স্থানীয় পণ্য অনলাইনে বিক্রিতে তরুণদের আহ্বান

রাজশাহীর বাঘায় ‘উপজেলা উদ্যোক্তা সম্মেলন-২০২৬’-এ ৫০ জন অনলাইন উদ্যোক্তা, কৃষক ও ব্যবসায়ীর অংশগ্রহণে আত্মপ্রকাশ করেছে উদ্যোক্তা ফোরাম।

রাজশাহীর বাঘায় তরুণদের বৈধ অনলাইন ব্যবসায় যুক্ত করা, স্থানীয় পণ্যের বাজার বাড়ানো এবং সাইবার অপরাধ ঠেকানোর লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা সম্মেলন-২০২৬’। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সম্মেলনে ৫০ জন অনলাইন উদ্যোক্তা, কৃষক ও ব্যবসায়ীর অংশগ্রহণে আত্মপ্রকাশ করে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’।

‘খাঁটি পণ্যের অধিকার, নিরাপদ হোক বাঘার বাজার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বক্তারা বলেন, যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে তরুণেরা স্মার্টফোনের মাধ্যমেই বাঘার আম, খেজুরের গুড়সহ স্থানীয় পণ্য সারা দেশে বাজারজাত করতে পারবেন। এতে কর্মসংস্থান তৈরি হবে এবং তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ বাড়বে।

বক্তারা আরও বলেন, মাদক ও ইমো অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মতো অপরাধের কারণে বাঘার যে নেতিবাচক পরিচিতি তৈরি হয়েছে, তা থেকে বের হয়ে আসতে তরুণদের ইতিবাচক উদ্যোগে যুক্ত করা জরুরি। বৈধ ই-কমার্স, নিরাপদ অনলাইন লেনদেন ও সৎ ব্যবসার প্রসারে সবাইকে একযোগে কাজ করার ওপরও জোর দেন তাঁরা।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার আব্দুল কুদ্দুস এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকেও কয়েকজন বক্তব্য দেন। সঞ্চালনা করেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া।