কুমিল্লার দেবীদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগমের (হীরা) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে দেবীদ্বার পৌরসভার কালাচান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে নিউ মার্কেট চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাশেদা বেগম, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম। অন্যদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি সমাবেশ হয়, যেখানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। সকাল থেকেই উপজেলা সদরে উত্তেজনা ছিল।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, রাশেদা বেগম ও অন্য অতিথিরা উপজেলা পরিষদ চত্বর থেকে গাড়িতে ফেরার পথে কালাচান মার্কেটের সামনে অন্য পক্ষের মিছিলের মুখোমুখি হন। একপর্যায়ে সংসদ সদস্যের গাড়িতে হাত-পা দিয়ে আঘাত করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক এম এ আউয়াল খানের গাড়িও ভাঙচুর করা হয়।
আউয়াল খানের অভিযোগ, অন্য পক্ষের লোকজন সংসদ সদস্য সেলিম ভূঁইয়া ও রাশেদা বেগমকে নিয়ে আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন; নেতা-কর্মীরা নিষেধ করলে গাড়িবহরে হামলা হয়। তাঁর ভাষ্য, এতে নেতৃত্ব দেন এ এফ এম তারেক মুন্সী।
তারেক মুন্সী অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে তাঁদের জানা নেই এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবি, তিনি নিজে বরং গাড়ি ভাঙচুরের হাত থেকে তাঁদের রক্ষা করেছেন। পৃথক সমাবেশের কারণ হিসেবে তিনি বলেন, রেজবিউল আহসান মুন্সীসহ নেতা-কর্মীদের বড় অংশকে অন্য পক্ষের কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি।
সংসদ সদস্য রাশেদা বেগম বলেন, কারও কোনো অভিযোগ থাকলে তাঁরা কথা বলতে পারতেন; সংগঠনের কর্মসূচিকে ঘিরে যাঁরা ভীতি দেখাতে চান, তাঁদের দলের লোক মনে করা যায় কি না, সে প্রশ্নও তোলেন তিনি।