শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

ফেনীতে ছিনতাই হওয়া শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান কুমিল্লায় উদ্ধার, জামালপুরে মিলল ১৬০ বস্তা শুঁটকি; গ্রেপ্তার ৪

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে ফেনীর মহাসড়কে ছিনতাই হওয়া ৪০ লাখ টাকার বেশি মূল্যের শুঁটকি প্রায় চার দিন পর উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ফেনীতে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনার প্রায় চার দিন পর ভ্যানটি ও ছিনতাই হওয়া শুঁটকি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটি কুমিল্লায় রাখা হয়েছিল, আর এতে থাকা প্রায় ১৬০ বস্তা শুঁটকি বিক্রির জন্য নেওয়া হয়েছিল জামালপুরে। চক্রটি এক জেলায় ছিনতাই করে অন্য জেলায় মালামাল বিক্রি করত বলে পুলিশের ভাষ্য।

পুলিশের বর্ণনা অনুযায়ী, গত ৩১ অক্টোবর রাতে চট্টগ্রামের আছদগঞ্জ থেকে ৪০ লাখ ১২ হাজার ৭৮৫ টাকার শুঁটকি কেনেন এক ব্যবসায়ী। শুঁটকি কাভার্ড ভ্যানে করে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকার যাত্রাসিদ্ধিতে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে। তিনজন ছিনতাইকারী ছুরি নিয়ে ভ্যানে উঠে ব্যবসায়ী ও চালককে মারধর করে এবং গলায় ছুরি ধরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাঁর কাছ থাকা ১৪ হাজার টাকা, দুটি মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে দুজনকে রাস্তার পাশের জঙ্গলে ফেলে রেখে শুঁটকিবোঝাই ভ্যান নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। ব্যবসায়ী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

মামলার পর পুলিশের একাধিক দল নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান চালায়। গত মঙ্গলবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে নির্মাণাধীন উড়ালসড়কের নিচ থেকে খালি কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। একই দিন ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল জামালপুর সদর উপজেলার একটি কোল্ড স্টোরেজের সামনে থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার মনির হোসেন (৪৫) ও আক্তার হোসেন (৩২), নোয়াখালীর বাবলু (২৮) এবং কুমিল্লার নাদিম। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন মহাসড়ক থেকে পণ্যবোঝাই গাড়ি কৌশলে আটক করে মালামাল ছিনিয়ে নিয়ে নানা স্থানে বিক্রি করতেন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, চারজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।