রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৩, দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য

দুর্ঘটনার কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন; আহতদের মধ্যে দুজন শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকসংলগ্ন এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডাও হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আহতদের একজন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন। তাঁর সঙ্গে থাকা আরেক শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর আহত ব্যক্তি প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল (৩১)। তিনি রাজশাহী মহানগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। গাড়িটির মালিক অ্যাডভোকেট শাকিল (৬৭)।

শিক্ষার্থী স্বাধীন দাবি করেন, তিনি নিজের লেন ধরে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে প্রাইভেটকারটি তাঁর লেনে চলে আসে। সংকেত দিলেও চালক গাড়ি সরাননি, ফলে সংঘর্ষ হয়। অন্যদিকে প্রাইভেটকারচালক সোহেল বলেন, লাইব্রেরির পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল এড়াতে তিনি গাড়ি বাঁ দিকে নিয়েছিলেন। পরে দুই যানবাহন সামনে এগিয়ে গেলে মোটরসাইকেলচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেলটি সামনে এসে থেমে গেলে তিনি তাৎক্ষণিক গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছনে ধাক্কা দেন বলে দাবি করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. জহুরুল ইসলাম বলেন, দুই পক্ষই এখন প্রক্টর দপ্তরে আছে এবং আলোচনা চলছে। সিসিটিভি ফুটেজে যা পাওয়া যাবে, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই; ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ যাচাইয়ের পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।