রাজধানীর কারওয়ান বাজার এলাকার হোটেল সোনারগাঁও এবং রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হোটেল সোনারগাঁওয়ের ১ নম্বর গেটের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কিছুক্ষণ পর, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।
পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
সোনারগাঁওয়ের সামনের বিস্ফোরণ নিয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পাওয়ার পরপরই হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। কারা কী উদ্দেশ্যে ককটেল ফাটিয়েছে, তা শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ জোর তদন্ত চলছে।
বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে দুই এলাকাতেই সাময়িক আতঙ্ক তৈরি হয়। পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।