দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমে এখন ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
রোববার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি তা জানায়।
বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, গতকাল শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। নতুন সিদ্ধান্তে তা কমে হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
অন্য মানের স্বর্ণের নতুন দামও নির্ধারণ করেছে বাজুস। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই রয়েছে। বাজুসের তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯১ টাকা।