২১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর চমক রেস্টুরেন্টে হঠাৎ পরিদর্শনে যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল। এই রেস্টুরেন্টটি রাজশাহীর নগরীর নিউ মার্কেটের বিপরীতে এমআরএম মোবাইল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত। পরিদর্শনকালে কর্মকর্তারা রান্নাঘর থেকে খাবার পরিবেশন পর্যন্ত রেস্টুরেন্টের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। খাদ্য তৈরির উপকরণ, পরিচ্ছন্নতা, কর্মীদের স্বাস্থ্যবিধি ও পোশাকসহ সার্বিক ব্যবস্থাপনা পরীক্ষা করা হয়।
পরিদর্শনের পর রাজশাহী মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা দ্বিপ্রজিৎ সরকার চমক রেস্টুরেন্টের ব্যবস্থাপনা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা আশা করব, ভোক্তাদের বিষয়টি মাথায় রেখে তারা মানসম্মতভাবে ব্যবসা পরিচালনা করে যাবেন।’
চমক রেস্টুরেন্টের ম্যানেজার শাহরিয়ার আলম মিঠু জানান, ‘আমরা সদ্য পথচলা শুরু করেছি। আজ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা হঠাৎ রেস্টুরেন্ট পরিদর্শনে আসেন। তারা আমাদের সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ভোক্তাদের বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির বিষয়ে শুরু থেকেই আমরা গুরুত্ব দিচ্ছি।’
চমক রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শন ও পরামর্শকে গুরুত্ব দিচ্ছে। তারা ভবিষ্যতে খাদ্যের মান ও পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এতে নিরাপদ এবং মানসম্মত খাদ্য নিশ্চিত করার জন্য তারা সচেষ্ট থাকবে।