দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চলতি নভেম্বর মাসে টানা ৯ দফায় দাম কমানোয় সব মিলিয়ে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৩৪ হাজার ৭০০ টাকা।
সবশেষ শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিপ্রতি দাম একলাফে ৬ হাজার ১৮২ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, মাসের শুরুতে টানা তিন দফা দাম বাড়ানোর পর ৬ নভেম্বর থেকে কমতে শুরু করে। এরপর ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনের ব্যবধানে ৯ দফায় দাম কমানো হয়। দফাগুলোতে ভরিপ্রতি কমার পরিমাণ ছিল যথাক্রমে ২ হাজার ৭৪১ টাকা (৬ নভেম্বর), ২ হাজার ৭৪১ টাকা (১১ নভেম্বর), ২ হাজার ২১৬ টাকা (১২ নভেম্বর), ২ হাজার ১৫৮ টাকা (১৩ নভেম্বর), ২ হাজার ২১৬ টাকা (১৪ নভেম্বর), ২ হাজার ২১৬ টাকা (১৮ নভেম্বর), ৩ হাজার ২৬৬ টাকা (১৯ নভেম্বর), ১০ হাজার ৯৬৪ টাকা (২০ নভেম্বর) এবং ৬ হাজার ১৮২ টাকা (২১ নভেম্বর)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে। এ ছাড়া রোববার থেকে পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের (বিক্রি) ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে। চলতি বছর এ নিয়ে এ পর্যন্ত মোট ১৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো।