দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় বিশেষ ক্ষেত্রে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। পরিপত্রটি সোমবার জারি করা হয়। গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজনের নামের প্রস্তাব পাঠাবেন। এই তিনজন হবেন সরকারি-বেসরকারি প্রথম শ্রেণির কর্মচারী (কর্মরত বা অবসরপ্রাপ্ত), অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা সমাজসেবক এবং প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে। শিক্ষা বোর্ড তাঁদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবে।
ম্যানেজিং কমিটির ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের মধ্য থেকে অথবা উল্লিখিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
এ ছাড়া পুনর্গঠিত প্রতিটি কমিটিতে (গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি) সংশ্লিষ্ট সভাপতি বা আহ্বায়ককে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে, যাঁদের একজন নারী প্রতিনিধি, সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া নিশ্চিত করতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।