দেশে অপরিণত নবজাতকের জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে দেশে অপরিণত জন্মের হার আনুমানিক ১৬.২ শতাংশ।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা. মিল্টন হলে ‘বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে চিকিৎসকেরা এসব তথ্য তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগ এবং বাংলাদেশ নিওনেটাল ফোরাম যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন এতে সহায়তা দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ও শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।
সেমিনারে বক্তারা বলেন, অপরিণত নবজাতকের হাসপাতাল-পরবর্তী সমন্বিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নীতিনির্ধারক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁরা জানান, নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও এসব শিশুর নিয়মিত সেবা ও নজরদারি প্রয়োজন।