পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেওয়া এবং তাঁদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগে ছয় দালালকে আটক করা হয়েছে। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত তাঁদের মধ্যে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন, আর একজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে হাসপাতালে অভিযান শুরু হয়। এনএসআইয়ের ১২ সদস্যের একটি দল এবং পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
তাঁর ভাষ্য, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া এবং রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় দালালকে আটক করা হয়। আটক ব্যক্তিরা পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নসহ আশপাশের গ্রামের বাসিন্দা।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিল মন্ডল (৬৫), বিপুল প্রামানিক (৪২), সুজন আলী (৪২), জুয়েল মালিথা (৩২) ও ওয়ারেস মোল্লাকে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ষষ্ঠ আটক ব্যক্তি হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করে তাঁকে সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এনএসআইয়ের ১২ সদস্যের দল ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান শেষে আটক পাঁচজনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায়ের অভিযোগ প্রমাণের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযানসংশ্লিষ্টরা জানিয়েছেন।