বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে ধুনট পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলাটি দায়ের করেন। শেখ জাকারিয়া পৌর এলাকার চরপাড়া গ্রামের জেল হোসেনের ছেলে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র এ জি এম বাদশাহ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলাল এবং মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ সেলিম। মামলার এজাহারে অভিযোগ আনা হয়েছে মাত্র; অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ আদালতে প্রমাণিত হয়নি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি কার্যালয়ের সামনের রাস্তায় বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিএনপির নেতাকর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে যান।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত জব্দ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।